
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (০৭ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এর নেতৃত্বে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনায় সগযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস করে আসছে। পাহাড়ের এই মাটি ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে একদিকে যেমন প্রাকৃতিক পাহাড়ে ধস নামছিল, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পাহাড় কাটা বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত সড়কগুলো কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, পাহাড় কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাহাড়খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অভিযান চলমান থাকবে।




