
চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়েছে বলে জানায় যৌথবাহিনী।
জানা গেছে, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে শনিবারে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




