
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন বাংলাদেশী কর্মী। গুরুতর আহতদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে দিঘুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে সংঘটিত এ ঘটনায় পাঁচজনের মৃত্যু ও ২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে বাংলাদেশের দূতাবাস।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
এ ঘটনায় মালদ্বীপে বাংলাদেশের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।




