মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক‌্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আমি এই এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আগেও কাজ করেছি। এখনো সেই দায়িত্ববোধ থেকেই আবারও আপনাদের পাশে থাকতে চাই। উন্নয়নের মাধ্যমে আমি মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী সাতকানিয়া উপজেলার এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “১৯৯১ ও ২০০১ সালে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। সেই সময় আমি এলাকায় ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। আগামীতেও উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার লক্ষ্য।”

এদিন সকাল থেকে তিনি এওচিয়া ও মাদার্শা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। অনেকে এগিয়ে এসে করমর্দন করেন এবং এলাকার উন্নয়ন, সেবা ও নাগরিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। শাহজাহান চৌধুরী মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, মাদার্শা ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম ও মোহাম্মদ ইব্রাহিম, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, সাবেক সভাপতি ডা. জাফর আহমদ, সেক্রেটারি ফারুক হোসাইন, ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া, সাবেক ছাত্রনেতা জাকারিয়া এবং অ্যাডভোকেট মোজাম্মেল হক নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা।

0Shares