
এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, টাকার বিনিময়ে পদ, কমিটি আর নমিনেশন বেচাকেনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভাড়াটিয়াদের দল বিএনপি চোর-ডাকাত, চাঁদাবাজ, খুনী, দখলবাজ, নারী হেনস্তাকারীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, যে লোক নিজের সিদ্ধান্তে দেশে আসতে পারেনা, তিনি দেশ পরিচালনার কোন যোগ্যতা রাখেনা। আওয়ামী লীগের নতুন ভার্সন বিএনপির হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফের বাংলাদেশ গড়তে ১১দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
শনিবার (০৭ ফেব্রয়ারী) দুপুরে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের ১১দলীয় ঐক্যের প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের ছাতা মার্কার সমর্থনে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তেমুহনীতে পথসভায় উপরোক্ত কথা বলেন।
পথসভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ১১দলীয় ঐক্যের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে ছাত্র-জনতা জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, রক্ত দিয়েছে। দল-মত নির্বিশেষে আমাদেরকে সে স্বপ্নের বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় ঐক্যে। নাগরিক নিরাপত্তা, কর্মসংস্থান, উন্নয়ন, সামাজিক মর্যাদাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে ১১দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
জামায়ায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের ১১দলীয় ঐক্যের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক।
এ সময় অন্যান্যদের মাঝে এলডিপির প্রেসিডিয়াম মেম্বার এজিএম শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসাইন, এলডিপি সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, জামায়াতে ইসলামী কেঁওচিয়া ইউনিয়ন আমীর মাস্টার নুর হোসাইন, এলডিপি কেঁওচিয়া ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ নুরুন্নবীসহ জামায়াতে ইসলামী ও এলডিপির উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।




