
বান্দরবান জেলা শহরে আগুনে পুড়েছে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়। বিএনপির অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়টি ভাঙচুরের পর আগুন দিয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান-চিম্বুক সড়কের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাদেয়াল ঘেঁষে অস্থায়ীভাবে কার্যালয়টি করা হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, কার্যালয়টিতে সোমবার রাতেও নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছেন। অন্য দিনের মতো প্রচারণা শেষে রাত ১২টার দিকে তাঁরা চলে যান। এরপরই কার্যালয়টিতে আগুন দেওয়া হয়।
তারা জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, আগুনে কার্যালয়টির শামিয়ানা পুড়েছে। চারপাশে চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে আছে।
বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. মজিবুর রশিদ বলেন, সারা দেশে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। মহলটিই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বিএনপি থেকে এখনও লিখিত কোনো অভিযোগ আসেনি। পুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।




