
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে মেরে রক্তাক্ত করেছে আকবর নামের ট্রাক চালক। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ট্রাক চালক আকবরের বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (টিএসআই) মফিজ উদ্দিন ও সহকারী ট্রাফিক সার্জেন্ট (এটিএসআই) মুহাম্মদ মিজান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক আকবর ট্রাফিক কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় এগিয়ে আসেন এটিএসআই মুহাম্মদ মিজান। একপর্যায়ে চালক অতর্কিতভাবে ওই দুই ট্রাফিক কর্মকর্তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তারা দুইজন রক্তাক্ত আহত হন।
ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




