
পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসুচিও পালন করেন জামায়াতের নেতা-কর্মীরা।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে পাবনা শহীদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।
এসময় নানা ধরনের স্লোগানে স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার (০৭ ফেব্রয়ারি) রাতে পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।




