
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির প্রার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম নলছিটি ফেরিঘাট সংলগ্ন সরকারি আশ্রয়ন প্রকল্পে গণসংযোগ করেন। এসময় আশ্রয়ন প্রকল্পে বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে রাস্ট্র সংস্কারে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে আহবান জানান।
এদিন সুগন্ধা নদীর তীরে সরকারি আবাসনের সরু পথ ধরে হেঁটে হেঁটে প্রতিটি ঘরে যান জোটের এ প্রার্থী। আবাসনের বাসিন্দাদের নানা দুর্ভোগের কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন। সংসদ সদস্য প্রার্থীকে কাছে পেয়ে আবাসনের বাসিন্দারা তাদের সুপেয় পানি সংকটের কথা তুলে ধরেন। ভোটের আগেই এ সংকট সমাধানের আশ্বাস দেন এসএম নেয়ামুল করিম।
এসময় সকলের কাছে ভোট প্রার্থনার পাশাপাশি সহযোগীতাও প্রত্যাশা করেন। গণসংযোগে ইসলামী সমমনা ১০ দলীয় জোটের নেতাকর্মীরা সাথে ছিলেন।
এসময় তিনি কথা বলেন অবহেলিত আবাসন এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েও। অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক নির্মূলে সংশ্লিষ্ট বাহিনীর জোরালো পদক্ষেপের দাবিও জানান তিনি।
এদিকে আশ্রয়ন প্রকল্পের আবাসনে প্রথম কোন প্রার্থী নিজে এসে বাসিন্দাদের কাছে ভোট চাওয়ায় বাড়তি উচ্ছাস লক্ষ করা গেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভুমিহীন পরিবারগুলো এখানে এসে স্থায়ীভাবে বসবাস করলেও তারা সবাই এখানকার ভোটার না হওয়ায় স্থানীয় সরকারসহ অন্যান্য নির্বাচনে প্রার্থীরা তাদের কাছে ভোটের জন্য পৌঁছান না। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীরা তাদের কাছে আসায় খুশি এখানে বাস করা কয়েকশত পরিবার।
তবে বাসিন্দা বলেন, ভোটের আগে প্রার্থীরা আবাসনের সংকট সমাধানে নানা প্রতিশ্রুতি দেন। ভোট শেষে অনেকেই তাদের খোঁজ রাখেন না। তাই তারা এমন কাউকে ভোট দিতে চান যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন।
এদিকে সকাল সাড়ে ১০টায় নলছিটির ইমাম সমিতির সাথে মতবিনিময় করেন ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম।
উপজেলা ইমাম সমিতির আয়োজনে মতবিনিময় সভায় জামায়াত ইসলামী সরকার গঠন করলে আলেমদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা পরিকল্পনা জানান তিনি। ইনসাফের ভিত্তিতে ঐক্যের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে তিনি আহবান জানান।




