
ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) মারা গেছেন।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ ৮ জন আহত হন। দুপুরে গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরু মিয়াকে নিজেদের কর্মী দাবি করে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।
তবে নিহত তরু মিয়া কোন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।




