ইফতার মাহফিল বন্ধে পুলিশ পাঠালো বিএনপি নেতা বিদ্যুৎ মামুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সামাজিক সংগঠন আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করতে থানায় অভিযোগ দিয়ে পুলিশ পাঠানোর অভিযোগ উঠেছে থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মৌখিকভাবে ইফতার মাহফিল স্থগিত রাখার নির্দেশ দেয়।

আয়োজকেরা জানান, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে হীরাঝিল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বাড়িওয়ালা, গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আয়োজক সংগঠন হীরাঝিল সমাজকল্যাণ সমিতির সভাপতি ইউসুফ রশীদ বলেন, এটি সম্পূর্ণ একটি সামাজিক উদ্যোগ। হঠাৎ পুলিশ এসে ইফতার মাহফিল না করার কথা জানায়। পরে তারা জানতে পারে, স্থানীয়ভাবে আপত্তি তোলা হয়েছে। তার দাবি, বিদ্যুৎ মামুনের পক্ষ থেকেই আপত্তির বিষয়টি আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মিজানুর রহমান নামের একজন থানায় একটি লিখিত অভিযোগের কপি জমা দেন। বিষয়টি যাচাই করতে পুলিশ পাঠানো হয়। তদন্তে দেখা যায়, এটি একটি সামাজিক ইফতার অনুষ্ঠান। আয়োজকদের অনুষ্ঠান চালিয়ে যেতে বলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই।

অভিযোগদাতা হিসেবে নাম আসা মিজানুর রহমান জানান, তাঁর চাচা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনের কথায় তিনি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বিএনপি নেতা মামুনের মোবাইল নম্বরও দেওয়া রয়েছে বলে জানান তিনি।

তবে আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন অভিযোগ অস্বীকার করে জানান, ইফতার মাহফিল বন্ধের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি কোনো অভিযোগ দেননি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সংগঠনের সভাপতি ইউসুফ রশীদ রাজনৈতিকভাবে বিতর্কিত এবং সংগঠন দখল করে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাঁর দাবি, ইউসুফ নির্বাচিত কমিটির সদস্য নন এবং প্রবাসে অবস্থান করেও সংগঠনের কার্যক্রমে যুক্ত আছেন।

0Shares