
জামালপুরের মেলান্দহে ফিতরার টাকা দেওয়ার কথা বলে বাড়ি ডেকে নিয়ে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আব্দুল গফফার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) অভিযুক্ত আব্দুল গফফারকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা। রবিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগে ওই ভুক্তভোগী উল্লেখ করেন- পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। যাকাত সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করে।
অভিযোগে আরও উল্লেখ করেন- ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান বৃদ্ধা। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




