
বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার হওয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। মাদককান্ডে সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রহমতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. নিজাম হাওলাদার।
গ্রেফতারকৃত এনামুল হাওলাদার ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
খবরে প্রকাশ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বরিশাল জেলা কার্যালয়ের একটি টিম বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এনামুলের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা বড়ি এবং নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই এনামুল হাওলাদার তার বাড়ির দোতলায় মাদক কারবার করছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তার বাড়িতে এসে ইয়াবা কিনতেন। পরিবারের সদস্যরা একাধিকবার বাধা দিলেও তিনি এই অবৈধ কার্যক্রম বন্ধ করেননি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এনামুলের ঘর থেকে ইয়াবা বড়ি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




