
জয়পুরহাটের কালাই উপজেলার মাদারপুর গ্রামের সরকারি খাস খতিয়ানভুক্ত একটি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পুকুর থেকে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল-এর কালাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, পুকুর সংস্কারের অনুমতির আড়ালে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাদারপুর গ্রামের পানার পুকুরটি দীর্ঘদিন ধরে গ্রামের পানি ধারণ ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মাটি কাটার ফলে পুকুরের পাড় ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং বর্ষা মৌসুমে জলধারণ সক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ মাটি বাণিজ্য ও জলাধার দখলের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং অভিযান চলমান থাকবে।




