
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) কেটে পাচারকালে হাতেনাতে আটক দুই মাটিখেকোকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৮টি এক্সেভেটর ও ১৬টি ডাম্পার ট্রাক ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় উপজেলার নয়াখাল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন-চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২২) ও একই উপজেলার গাছবাড়িয়া পাল পাড়া এলাকার মুকুন্দ দাসের ছেলে তপন দাস (৪৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত চলা এই অভিযানে শাহাদাত হোসেন ও তপন দাশকে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার বিপুল কর্মযজ্ঞ থামাতে সেখানে ব্যবহৃত ৮টি এক্সেভেটর ও ১৬টি ডাম্পার ট্রাক ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান।




