
পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি, ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় বলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ছয়টি পাড়ার মোট ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুরুকপাতা ইউনিয়নের মাংগ্রুম পাড়ায় এ মানবিক কার্যক্রম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানায়।
অনুষ্ঠানে আলীকদম জোন কমান্ডারের পক্ষ থেকে এলাকায় সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুষ্কৃতকারী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে। পাশাপাশি এলাকার শান্তি রক্ষায় প্রয়োজনীয় তথ্য বিনিময়ে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করে।




