১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজামের দলের নেতা-কর্মীদের ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি না করার অনুরোধ জানানোর ৫৫ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ বক্তব্য দেন।

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, ‘এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। এখানে ভীষণভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো- আপনারা যারা চাঁদাবাজি করছেন, দু’হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ বক্তব‌্যের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপির সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

0Shares