শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রদলের সাবেক নেত্রী আটক

শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ওই এলাকার হাওলাদার মন্টু তালুকদারের স্ত্রী। ইলোরা হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে ল্যাফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। অভিযানে একটি শটগান, শটগানের ৭১ রাউন্ড কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এসময় মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এ ধরনের অভিযান চলবে।

0Shares