স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ আগুনে পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে আইনজীবী স্বামী হোসাইন মো: তাইফুরের (৪০) বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী হোসাইন মো: তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দিবাগত মধ্যরাতে জামালপুর শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ নিহত তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী হোসাইন মো: তাইফুরকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার তাইফুরের বিয়ে হয়। তাদের তাসফিক ও তাহার নামে দুই সন্তান রয়েছে। বেশ কিছু দিন ধরে ওই আইনজীবী মাদক সেবনে আসক্ত হয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগে থাকত।

নিহত তানিয়ার মামা মনোয়ার ইসলাম কর্নেল বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা শাকিল লস্করসহ অনেকে জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ওই বাসা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্রুত ছুটে গিয়ে বাইরের কাচের জানালা ভেঙে তানিয়ার পোড়া লাশ দেখতে পান তারা। পরে জামালপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে আসামিকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি এবং লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী তাইফুরকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

0Shares