সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুরের মোশারফ হোসেন (৩৮) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের সুজাত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

রবিবার (০৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তথ্য জানিয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান মোশারফ হোসেন। সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছিল।

মোশারফের বড় ছেলে মাহিম (১৪) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট ছেলে মিহান (৭) প্রথম শ্রেণীর মাদ্রাসার ছাত্র।

নিহতের বড় ছেলে মাহিম বলেন, গতকাল (০৮ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। তখন তার বাবা বলেন, ঈদের কাপড়চোপড় কেনার জন্য যা লাগে তা কিনে নিতে। তিনি ইফতারের পর টাকা পাঠাবেন বলেও জানান। কিন্তু ইফতারের সময়ই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন।

স্ত্রী কবরী আক্তার বলেন, গতকাল রাত সাতটার দিকে তার সঙ্গে শেষ কথা হয়েছে। এখন এই দুই সন্তান নিয়ে আমি কীভাবে চলব? আমাদের এখন কে দেখবে?

বাবা সুজাত আলী বলেন, আমার ছেলেকে তো আর দেখতে পাব না। অন্তত তার লাশটা দেশে ফেরত চাই। যেন শেষবারের মতো তাকে দেখতে পারি। দ্রুত লাশ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

এদিকে সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী নিহত মোশারফের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এসময়য় ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

0Shares