সাতকানিয়ায় মোজাফফর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে মোজাফফর ফাউন্ডেশন-এর চেয়ারম‌্যান বিশিষ্ট সমাজসেবক মোজাফফর হোসাইনের উদ্যোগে এবং মোজাফফর ফাউন্ডেশন-এর সার্বিক ব্যবস্থাপনায় ৮নং ঢেমশা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় পাঁচশতাধিক পরিবারের হাতে রোজাদারদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল বিভিন্ন ধরনের শুকনো ও তাজা খাবার, যাতে রোজাদাররা ইফতারের সময় সহজে ব্যবহার করতে পারেন। স্থানীয় স্বেচ্ছাসেবকরা তালিকা অনুযায়ী উপকারভোগীদের মধ্যে সামগ্রী বিতরণ নিশ্চিত করেন।

ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানে এমন সহায়তা পেয়ে তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা লাঘব হয়েছে এবং তারা দোয়া করছেন। তারা আশা প্রকাশ করেন- এ ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত থাকুক।

এসময় মোজাফফর হোসাইন বলেন, আমি আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাকে সর্বদা আপনাদের পাশে থাকার তৌফিক দান করেন।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরানীরহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শহর মুল্লুক মুহাম্মদ রাশেদ, ডাঃ জসিম উদ্দীন, মোহাম্মদ আলমগীর, নুর মোহাম্মদ প্রমুখ।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের পাশে থাকবে মোজাফফর ফাউন্ডেশন।

0Shares