
চট্টগ্রামের সাতকানিয়ায় আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর মেম্বার বাড়ি এলাকার নিজেদের বসতঘর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়িতা ওই এলাকার আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে ও সাতকানিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা নামের ওই কলেজ ছাত্রীর মা তাদের পরিবার থেকে আলাদা থাকতেন। জয়িতা তার সৎ মা ও বাবার সাথে নিজেদের বসতঘরে বসবাস করতেন। শনিবার দুপুরের পর থেকে ভেতর থেকে দরজা বন্ধ করে জয়িতা তার শয়নকক্ষে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ইফতারের সময় তাকে ডাকতে গেলে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় জয়িতাকে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার ঘটনায় কলেজ ছাত্রীর লাশ থানা হেফাজতে আছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।




