লামায় ৪২ ভোট কেন্দ্রের মধ্যে ৪০ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বান্দরবান জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে ৩০০নং সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার জনবহুল ও সর্ববৃহৎ লামা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। অতীতের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিজ্ঞতায় উপজেলার এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানান, উপজেলায় মোট ৪২টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ ২২৩টি। এরমধ্যে ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৯২৮ জন এবং নারী ভোটার ৪২ হাজার ৬২৬ জন। এছাড়া ১২৭৫ জন সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালেটের জন্য আবেদন করেছে।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ৪২টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশি নজরদারীতে ১৪টি কেন্দ্রকে অতি-ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, উপজেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে।

বান্দরবান জেলায় সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি।

0Shares