রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, নির্বাচনী দায়িত্বে থাকা সবাইকে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কোন প্রকার স্বজনপ্রীতি চলবে না। আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই, পিছনে তাকানোর সুযোগ নাই।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্র মনিটরিংয়ে ক্যামেরা বসিয়েছি। আপনারা নিজেদের বিবেক বিক্রি করবেন না, আমাদের যেন আপনাদের প্রতি কঠোর হতে না হয়। এই পবিত্র ভূমিতে অনেক রক্ত ঝরেছে, আমরা আর রক্ত চাই না। গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে দায়িত্বরতদের কোন রকম গাফিলতির দায় নির্বাচন কমিশন নিবে না। আমরা শতভাগ সুষ্ঠু এবং সৎভাবে দায়িত্ব পালন আশাকরি। দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে চাই। যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিগত সময়ের পঁচা নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছে এবং আমাদের পূর্বসূরীরা নির্বাচনকে প্রতিষ্ঠানিকভাবে শেষ করে দিয়েছেন। এবার আমরা তা থেকে মুক্ত হতে চাই। এবারের নির্বাচনে কোনো চাপ না থাকলেও কিন্তু দায় আছে। এজন্য বৈধ আদেশ ও নির্দেশনা পালনে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। কাউকে ভয় পাবেন না। যদি পেশি শক্তির চাপ আসে  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নিবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঞ্চালনায় ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র উপ অধিনায়ক মেজর আখলাফ, চট্টগ্রাম  আনসার ও ভিডিপি’র বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, ভোট গ্রহনকারী কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

0Shares