
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে এক জামায়াত কর্মীর বসতবাড়ি ও ভেতরে থাকা ফার্নিচারসহ মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জামায়াত কর্মী ব্যবসায়ী নুর হোসেন জানান, ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্নিচারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির রুবেল ও তার স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় অর্ধশতাধিক মানুষ বালতি ও পাইপের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রামগঞ্জ থানার ওসি মো: ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




