
যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ভোদেলা যশস্বী কোত্তাপল্লি নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়ন ছাড়াও দোকান থেকে চুরি এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন বলে জানায় মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই।
মার্কিন অভিবাসন আইন অনুযায়ী কোত্তাপল্লিকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
আইসিই জানিয়েছে, ‘ভারত থেকে আসা অপরাধী ভোদেলা যশস্বী কোত্তাপল্লি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে নিউ জার্সিতে যৌন নির্যাতন ও চুরির মামলা রয়েছে। তাঁকে বহিষ্কারের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা তাঁকে হেফাজতে রাখব।’
তবে ভারতীয় ওই নাগরিককে গ্রেফতারের তারিখ বা অপরাধের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত ডিসেম্বরে ওরেগন অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় দুজন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছিল আইসিই।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের আওতায় ৩ হাজার ৮০০ জনের বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) সম্প্রতি ২৫ হাজার ‘অপরাধী অবৈধ অভিবাসী’র একটি ডেটাবেজ প্রকাশ করেছে। এই তালিকায় খুনি, যৌন অপরাধী এবং মাদক পাচারকারীদের নাম রয়েছে।
ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে ‘নিকৃষ্টতম’ অভিবাসীর তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ৮৯ জন ব্যক্তির নাম রয়েছে।




