মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের র‍্যালি

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর র‍্যালিটি লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র আমিরাবাদের মা-মনি হাসপাতাল থেকে শুরু হয়ে কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে রমাদানের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।

তিনি তার বক্তব্যে মাহে রমাদানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং তাকওয়া অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান করেন। সেই সাথে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার এবং রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

জেলা সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি মুহাম্মদ আবু সুফিয়ানসহ জেলা ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

র‍্যালিতে বিপুল সংখ্যক ছাত্র ও তরুণ অংশগ্রহণ করেন এবং তারা মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

0Shares