
মালয়েশিয়া থেকে জোবাইদুল আমিন নামে বাংলাদেশি এক নাগরিককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতারে পূর্ণ সহযোগিতা করে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ২৮ বছর বয়সী জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
মালয়েশিয়ার পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, আলাস্কায় আজই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে।
তদন্ত ও গ্রেফতারে সহযোগিতা করায় মালয়েশিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্যাটেল বলেন, ‘আমাদের কুয়ালালামপুর অফিস, মালয়েশিয়া সরকার এবং দেশজুড়ে আমাদের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ, যারা তদন্ত ও গ্রেফতারে সহায়তা করেছেন।’
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্যাটেল কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মালয়েশিয়ার একটি রানওয়েতে তিনজন এফবিআই কর্মকর্তা অভিযুক্তকে একটি ব্যক্তিগত বিমানের দিকে নিয়ে যাচ্ছেন।




