
ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা বড়ি, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আটককৃতদের একজন হলেন- উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫)। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। অপরজন একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। তিনি ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা বড়ি, গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গিয়াস মল্লিক ও সোহরাব আকনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
নলছিটি থানার ওসি মো. আশরাফ আলী বলেন, যৌথবাহিনী ওই দুজনকে মাদকদ্রব্যসহ আটক করে। বৃহস্পতিবার তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




