মন্ত্রিসভায় দুর্নীতিগ্রস্তরা স্থান পেয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি—এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্যগঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির আলোচনা-পর্যালোচনা তুলে ধরেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঅঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে। একটি ভুল ব্যাখ্যা দিয়ে এবং সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে তারা বিরত থেকেছেন। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং গণভোটে যে গণরায় এসেছে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। সরকারি দল অতিদ্রুত শপথ নেবেন বলে প্রত্যাশা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই। গণঅভ্যুত্থানের পরে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি। এটি কেবল জাতীয় সংসদ না, এই সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, প্রতিষ্ঠানগুলোর যেই সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ সেই আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই থাকবে। ফলে দ্রুত জাতীয় সংসদ অধিবেশন ও সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই মন্ত্রিসভার ৬২ শতাংশ সদস‌্য ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়া অপরাধ নয়, কিন্তু রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন আপনি অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদের মন্ত্রিত্ব দেবেন, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। এই ব্যবসায়ীদের উল্লেখযোগ্য সংখ্যকের বিরুদ্ধে  ঋণখেলাপির অভিযোগ রয়েছে। যেটি আমরা মনোনয়ন দেওয়ার সময় অভিযোগ করেছিলাম।

নাহিদ বলেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি-এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। তবে, কিছু ভালো অভিজ্ঞ লোকও নেওয়া হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকারের মন্ত্রিসভাটা সম্পূর্ণরূপে ফ্রেশ থাকবে।

0Shares