বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দলীয় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ ঘটনায় এলাকাবাসি নবনির্বাচিত সংসদ সদস‌্যকে সাধূবাদ জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম (ইবু) গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া রাতেই ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।

এলাকাবাসি জানান, কথার ফুলঝুরি না ছিটিয়ে অপরাধ দমনে দল-মতের উর্ধ্বে থেকে কাজ করলে নতুন করে কেউ অপরাধ করার সাহস পাবেনা। জনমনে জনপ্রতিনিধিদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা ও ভালবাসা বাড়ে।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0Shares