
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন চার বছরের কন্যা সন্তানের জননী খাদিজা। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান করছেন তিনি। সিজান খন্দকার ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। ভুক্তভোগী ওই নারীও একই গ্রামের বাসিন্দা।
তবে, ঘটনার পর থেকেই প্রেমিক সিজান তার মাসহ আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, গৃহবধূর স্বামী নৌ-জাহাজে চাকরি করেন। গত আট মাস ধরে একই গ্রামের সিজান খন্দকারের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
ভুক্তভোগী জানান, রবিবার রাত ৮টার দিকে সিজান তার ঘরে প্রবেশ করলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রাখে। ওই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান সেখান থেকে কৌশলে সটকে পড়েন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়ে সিজানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন।
গৃহবধূ আরও জানান, সিজান বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক মেলামেশা করেছে। এখন তাকে বিয়ে না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি সিজানের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে সিজান ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।




