
চট্টগ্রামের বাঁশখালীতে ‘স্বামীর স্বীকৃতি না পেয়ে’ ফাতেমা বেগম (২৪) নামের এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ এরফান হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পরিবারের সদস্যরা জানান, পোষাক শ্রমিক ফাতেমা বেগম বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে স্থানীয় বিবাহিত যুবক নেজাম উদ্দিনের সাথে পরিচয় ঘটে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এতে এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে ফাতেমা প্রেমিক নেজাম উদ্দিনকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু নেজাম উদ্দিন বিয়েতে রাজি না হওয়ায় ফাতেমা আদালতে নারী ও নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অবৈধ মেলামেশার ফলে গত ২৭ জানুয়ারি ফাতেমা বেগম কন্যা সন্তান প্রসব করেন। ফাতেমা গর্ভবতী হয়ে গেলে স্বামীর স্বীকৃতির জন্য নেজাম উদ্দীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এই মামলা তুলে নিতে ফাতেমাকে হুমকি দিতে থাকে নেজাম। বিষয়টি নিয়ে চাপের মুখে পড়ে ফাতেমা। সামাজিকভাবে সবাই রক্ত চক্ষু দেখতে থাকে এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারণ।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মেয়েটি ভেঙে পড়েছিল। ধারণা করা হচ্ছে, এই জন্যই মেয়েটি আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। শিশু সন্তানের ডিএনএ পরীক্ষা করা হবে।




