দাঁড়িপাল্লা’র পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা’র প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পদ হারিয়েছেন ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে মুস্তাফিজুর রহমান মিলনকে বহিষ্কারের বিষয়টি গণমাধ‌্যমকে জানানো হয়।

জানা যায়, সোমবার (০৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে মুস্তাফিজুর রহমান মিলন নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। এর আগের দিন মুস্তাফিজুর রহমান মিলন জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে ইন-শা-ল্লাহ’।

সূত্র জানায়, পোস্টের তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমান মিলনকে বহিষ্কারের কথা জানিয়ে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে এ বিষয়ে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মিলন বলেন, এতে আমার কিছু যায় আসে না।

0Shares