দলীয় সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াতে ইসলামী

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করেই জাতীয় সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় কার্যপ্রণালি বিধি, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্যক ধারণা দিতে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ শীর্ষক দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়ে পরদিন বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। এই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলাকৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যদের ৮০ শতাংশই এবার নতুন, যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। এই বাস্তবতায় পাঁচটি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা এবং বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন হলে সেখানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের।

কর্মশালায় সেশনগুলো পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অভিজ্ঞ কর্মকর্তা, সাবেক আমলা, নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিটি সেশনে বিশেষজ্ঞরা তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন কৌতূহল ও আইনি জটিলতা নিরসন করেন।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদ সদস্যদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে প্রতিবছরই এ ধরনের একাধিক কর্মশালার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সংসদ সদস্যরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

কর্মশালায় অংশ নেওয়া ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও পাবনা–১ আসনের নাজিবুর রহমান মোমেন এই প্রশিক্ষণকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করে জানান, সংসদে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার একটি স্পষ্ট রূপরেখা তারা পেয়েছেন।

0Shares