ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। কারা সূত্রে জানা যায়, কেরাণীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে রফিকুল ইসলাম কারাগারে আসেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লকআপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে রফিকুল ইসলাম নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, ঘটনার পরপরই বন্দি রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি মামলায় আদালত থেকে চলিত বছরের জানুয়ারি মাসে কারাগারে আসেন রফিকুল। কারাগারের নথি ঘেঁটে জানা গেছে, আগেও বন্দি রফিকুল কারাগারে ছিলেন, পরে জামিনে বের হন।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কারাভ্যন্তরে অবস্থানকালে নিয়ম অনুযায়ী আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় হাজতি রফিকুল ইসলাম জানতে পারেন, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

রফিকুল ইসলামের সঙ্গে থাকা অন্য বন্দিদের কাছ থেকেও প্রাথমিকভাবে এ ধরনের তথ্য পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে কারারক্ষীরা হাজতিকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে আইন অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0Shares