টেকনাফ সৈকতে তরুণ-তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফ সদর উপজেলার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিঠা পানির ছড়া ঘাট এলাকায় তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে টেকনাফের উত্তর লম্বরী সৈকত এলাকায় সমুদ্রতীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে তরুণ ও তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

0Shares