
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং একই এলাকার আবদুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




