জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার

স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ, প্রযুক্তি, মেধা এবং যুবকদের প্রাধান্য ও নারীদের নিরাপত্তাসহ নানা বিষয়কে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করে দলটি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা মায়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছি। এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো। আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চায়না। অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন, তাদের যেন চাকরি না ছাড়তে হয়, সেজন্য কর্মঘণ্টা শিথিল করার কথা বলেছি। এতে ওই মা চাকরিও করতে পারবেন, সন্তানও লালন পালন করতে পারবেন। ওই মায়েদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার থাকবে। বেতনের ক্ষেত্রে ওই মা যত ঘন্টা কাজ করবেন, মালিক ততটুকুর বেতন দিবেন, বাকি সময়ের বেতন দিবে সরকার। জামায়াত বিজয়ী হলে উল্লেখযোগ্য সংখ্যক নারী মন্ত্রী থাকবে।

তিনি বলেন, আমরা বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেবো। চা শ্রমিকদের জন্য ইনসাফ করা হবে। একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। পাহাড়ি-বাঙ্গালি দূরত্ব ও বৈষম্য দূর করতে চাই।

জামায়াত আমির বলেন, ‘আমাদের ইশতেহার জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি ও শৃঙ্খলা বান্ধব। আমরা বেসরকারি ব্যবসাকে বেশি উৎসাহিত করতে চায়। শিল্প মালিকরা হবেন দেশের আইকন। তাদের শিশুর মতো যত্ন নেবো।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর ঘোষিত আট ভাগে ৪১ দফা ইশতেহারে ২৬টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে পাঁচটি ‘হ্যাঁ’ ও ছয়টি ‘না’।

ইশতেহারের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, আত্মনির্ভরতার পথ নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান, স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন, মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন, সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন, যুবকদের নেতৃত্ব প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0Shares