চট্টগ্রামে দুই আসনে জামায়াতের শাহজাহান ও জহিরুলের বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিপুল ভোটে জয়লাভ করেছে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থী। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ আসন-চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিজয়ের মাধ্যমে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনের ১৫৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুযায়ী, আলহাজ শাহজাহান চৌধুরী পেয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।

আলহাজ শাহজাহান চৌধুরী এর আগেও একই আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকায় সাংগঠনিক শক্ত অবস্থানের কারণে এবারের নির্বাচনে তার বিজয় তুলনামূলকভাবে সহজ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনেও জয় পেয়েছে জামায়াতে ইসলামী। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম ৮৯ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৫৪ হাজার ৯৪৯ ভোট।

চট্টগ্রাম-১৬ আসনের মোট ১১২টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম এর আগে বাঁশখালী উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকারে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে বাঁশখালী এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তার প্রতিফলন এবারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও স্পষ্টভাবে দেখা গেছে।

0Shares