
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোঃ আয়মান সাদিক (০১) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন ৬ জন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কালিদাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়মান সাদিক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুন্টি গ্রামের রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার কালিদাসপাড়া এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমরে মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়মান সাদিক মারা যায়। এ ঘটনায় আহতের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায় ও অপর ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোখছেদুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




