গাইবান্ধায় শিবিরের নেতা-কর্মীদের উপর ছাত্রদলের হামলায় আহত ৫

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচনী গণসংযোগের সময় ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উপর ছাত্রদলের সশস্ত্র হামলায় পাঁচ জন আহত হয়েছেন। হামলার পর আহতদেরকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তখনও সেখানেই হামলাকারীদের আক্রমণের চেষ্টা অব্যাহত থাকে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ী উপজেলার আমলাগাছী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করছিলেন জেলা শিবিরের সাবেক সেক্রেটারি শাওন সরকার ও নেতা-কর্মীরা। ওই সময় ছাত্রদলের স্থানীয় নেতা লিটন ৮ থেকে ১০ জন সশস্ত্র লোক নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের এই নৃশংস আক্রমণে শিবিরকর্মী নিশাত ও লিওন গুরুতরভাবে জখম হন। এছাড়া সিফাত, শাহরিয়ার ও ইমন নামের আরও তিন কর্মী আহত হন।

ঘটনার ভয়াবহতা বেড়ে যায় যখন আহতদের চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই হামলাকারী লিটন চঞ্চল ও সিয়াম নামের দুই সহযোগীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন শিবিরকর্মীদের উপর আবারও আক্রমণ চালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন সচেতনভাবে হামলাকারীদের ঘিরে ধরে ও আটক করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রমণকারীদের হাতে একটি ধারালো ছুরি ও একটি পিস্তল ছিল। পরে ঘটনাস্থলে আগত পুলিশ ছুরিটি উদ্ধার করতে সক্ষম হলেও পিস্তলটি উদ্ধার করতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উদ্বেগ ও ভীতির প্রকাশ করেছেন। তারা বলছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

পলাশবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0Shares