গাইবান্ধায় অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চরম দারিদ্র্য ও অভাব-অনটনের যন্ত্রণা সহ্য করতে না পেরে রেবা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বামী ও দুই সন্তানকে রেখে চিরদিনের মতো বিদায় নেওয়া এই নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রেবা বেগম স্থানীয় আজাদুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের ইব্রাহিমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বসতবাড়ির মাত্র তিন শতক জমি ছাড়া আজাদুল ইসলামের তেমন কোনো সম্পদ নেই। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। সংসারে দিনানিপাত করাও দায় হয়ে পড়েছিল। অভাবের সেই কষাঘাত শেষ পর্যন্ত রেবা বেগমের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। নিজ ঘরের পূর্ব দুয়ারি টিনসেড ছাপড়ার ভেতরে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares