কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের আলোর মেলা আবাসিক এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (০১ মার্চ) রাতে লাশটি উদ্ধার করা হয় এবং সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গৃহবধূ ইফতি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুমতাজ মুকুলের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোর মেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রথম স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি সন্তানদের নিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার জনতা রোডের একটি বাসায় বসবাস করেন।

সূত্র মতে, মুকুল বেশি সময় দ্বিতীয় স্ত্রী ইফতির সঙ্গেই থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতেও স্থানীয়রা তাদের ঝগড়া শুনেছেন। রাতে একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে দড়িতে ঝুলতে দেখেন ইফতিকে।

খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ইফতির লাশ উদ্ধার করে। এ সময় তার স্বামী বাসায় ছিলেন না। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ইফতির স্বামী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

0Shares