কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মহিলা জামায়াতের বিক্ষোভ

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল করেছে মহিলা জামায়াত।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা জামায়াতের নারী শাখার উদ্যোগে স্থানীয় কামিল মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশ হয়। শেষে নারী কর্মীদের বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে তারা অভিযোগ করেন, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হন রিংগুন খাতুন, সুমাইয়া বেগম, শাহনাজ খাতুন, দিশা খাতুনসহ ৫/৬ জন।

একই দিন দুপুরে হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে নির্বাচনি প্রচারকালে হামলার শিকার হয়েছেন নাসরিন, রিনা, নুরজাহান, রিনা খাতুন, লিমা খাতুন, নুরজাহান, সুমাইয়া খাতুন ও আল্পনা খাতুন।

হামলাকারীরা হলেন ওই গ্রামের শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান। এই ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার দফতরে অভিযোগ করেছেন হামলার শিকার নাসরিন।

এর আগে সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নারী-কর্মীদের ওপর ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেনের নেতৃত্বে লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেনসহ বেশ কয়েকজন হামলা করে। হামলার সময় নারীদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এসময় মোবাইলফোন ও কাগজপত্র কেড়ে নিয়ে নির্বাচনি প্রচারে না আসার জন্যও হুমকি দেয় হামলাকারীরা।

এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ করেছেন হামলার শিকার রিংগুন খাতুন।

সমাবেশে চৌগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকের সমর্থকেরা আমাদের কর্মীদের ওপর বারবার হামলা করছে। তাদের লাঞ্ছিত করছে, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে। এমন ঘটনা পুনরায় ঘটবে না বলেও আমার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে।

চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা আমির মাওলানা আব্দুল আলীম, চৌগাছা সেক্রেটারি নূরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান।

বক্তব্য দেন নাসরিন ফরিদ, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, জেলা সহকারী সেক্রেটারি সেলিনা খাতুন, কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার লাইলি, ঝিকরগাছা সেক্রেটারি তহমিনা খাতুন শিখা।

0Shares