ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত ২ : গুরুতর আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে একদল লোক ককটেল তৈরি করছিল। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের মিনহাজ (২২) ও বজলুর রহমান (২০) এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল তৈরির সময় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে।

তিনি বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটি আংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

0Shares