আনোয়ারায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার বাসিন্দা সিয়াম (১৯) এবং রাজশাহী জেলার বাসিন্দা আনিস (২৫)। তারা দু’জনই ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়জন শ্রমিক সকালে ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে এবং নিচে থাকা মাচার ওপর পড়েন সিয়াম ও আনিস। এতে মাচাটিও ভেঙে যায়। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, ‘দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

0Shares