চট্টগ্রাম নগর শ্রমিক কল্যাণের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায়

অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক-জনতাকে সজাগ হতে হবে: মুহাম্মদ শাহজাহান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক-জনতাকে সোচ্চার হতে হবে। ভাষা আন্দোলনের মূল শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং অধিকার আদায়ের সংগ্রাম-আজ সেই চেতনাকে রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন নয়; এটি ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে—জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, মাতৃভাষা হচ্ছে জাতির আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষাকে উপেক্ষা করে কোনো জাতি উন্নত হতে পারে না। প্রশাসন, বিচারব্যবস্থা ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ এখনো নিশ্চিত হয়নি—এ বাস্তবতা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বর্তমান সময়ে সাংস্কৃতিক আগ্রাসন, ভোগবাদী সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয় জাতিসত্তাকে দুর্বল করে দিচ্ছে। ভাষা দিবসের চেতনা ধারণ করে আমাদের জাতীয় সংস্কৃতি, ইতিহাস ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিল শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। আজও শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সভায় সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চসিক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

0Shares