বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কমরু’র দোয়া ও ইফতার

চট্টগ্রামের বাঁশখালী পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী (কমরু)।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

প্রধান বক্তা ছিলেন- বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল।

সাবেক ছাত্রনেতা এন এম নাসির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, ব্যবসায়ী ফেরদৌস চৌধুরী মিটু, মোহাম্মদ মোস্তাক, সরওয়ার আলম, আবু সালেহ মনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে জুলুম, নির্যাতনের ভয় মাথায় নিয়ে এলাকায় আসতে হতো। এখন নির্ভয়ে এলাকায় আসতে পারি। আমার বাবার জানাজায় পর্যন্ত আমাকে অনেক কষ্ট শিকার করে আসতে হয়েছিল। সেদিন আমি বাবার লাশ সামনে রেখে চ্যালেঞ্জ করেছিলাম, পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এক টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে আর রাজনীতি করবো না। কিন্তু আমার সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। কারণ, আমি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে গিয়েছি সবসময়।

তিনি বলেন, বাঁশখালী পৌরসভাবাসী আমাকে যেই সম্মান ও ভালবাসা দেখিয়েছে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি সবসময় বাঁশখালী পৌরবাসীর ‘কমরু’ হয়েই থাকতে চাই। আগামী দিনেও বাঁশখালী পৌরবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই।

0Shares