নেত্রকোনায় ভোটকেন্দ্রে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বুথের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে গেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর ধারণা, দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা বুথ কক্ষে আগুন দেয়। এতে বুথের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি (গোয়েন্দা পুলিশ)সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন।

পুলিশ জানায়, বিদ্যালয়টির মোট সাতটি বুথের মধ্যে পুরাতন ভবনে চারটি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

0Shares